
টিম সাকসেসের বড় লক্ষ্য বেসিসের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তোলা : মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল অনুযায়ী লটারির মাধ্যমে তিনটি প্যানেল তাদের পরিচিতি দেন। এরমধ্যে টিম টিম সাকসেস প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। বেসিসের নির্বাচন সামনে রেখে গত সোমবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে নির্বাহী কমিটির ১১ পদে ৩৩ প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় টিম সাকসেসের পক্ষে ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘আমি অনেকদিন বেসিস বোর্ডে ছিলাম। ট্যাক্স এক্সেমশনের মেয়াদ ২০২৪-এর জুন মাসে শেষ হওয়ার কথা। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০৪১ সাল পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে এই ট্যাক্স এক্সেমশন আদায় করতে চাই। টিম সাকসেসের দৃঢ় বিশ্বাস তথ্য-প্রযুক্তির মেধা আর চাহিদা সমন্বয় করতে এই ট্যাক্স এক্সেমশন অত্যান্ত গুরুত্বপূর্ণ মাইফলক হয়ে থাকবে।’ ডিউক আরো বলেন, ‘আমি বেসিস সংবিধানে একটি বড় ধরনের পরিবর্তন আনতে চাই। আমাদের লক্ষ্য বর্তমানের ১১ জন এক্সিকিউটিভ কমিটির সংখ্যাকে ২১ জনে রুপান্তরিত করা। এর মধ্যে আমরা ৪টি রিজার্ভ পদ রাখতে চাই—যেখানে ২টি পদ থাকবে সংরক্ষিত নারী উদ্যোক্তা সদস্যের জন্য এবং ২টি পদ থাকবে টেকনোক্র্যাট সদস্যের জন্য। টিম সাকসেসের আর-একটি বড় লক্ষ্য বেসিসের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তোলা। এর জন্য প্রয়োজন একটি স্থায়ী জমি, তার ওপর নির্মাণ করা হবে বেসিসের নিজস্ব ভবন। আপনারা অনেকে জেনে থাকবেন যে, আমি সর্বপ্রথম বেসিস সফটএক্সপোর কনভেনর ছিলাম। লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট সম্প্রসারণের লক্ষ্যে আমি সফটএক্সপোকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই, যেখানে নিশ্চিত থাকবে দেশি ও বিদেশি ক্রেতাদের উপস্থিতি। ক্রেতাদের আকৃষ্ট করে নির্দিষ্ট পলিসি ঠিক করা, লোকালি প্রোডিউস সফটওয়্যারের প্রাইজ সেট করা, নিয়মিত সফটওয়্যার ডমিয়েন ভিত্তিক সেমিনার ও বি২বি ম্যাচ মেকিং প্রোগ্রাম করা। টিম সাকসেসের অন্য প্রার্থীরা তাদের পরিচিতি দিয়ে বক্তব্য রাখেন। এর মধ্যে সাধারণ সদস্য তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. সহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা এবং এন এম রাফসান জানি (সহযোগী), আবদুল আজিজ (অ্যাফিলিয়েট) ও আবু মুহাম্মদ রাশেদ মজিদ (আন্তর্জাতিক)। প্রার্থী পরিচিতি সভা পরিচালনা করেন বেসিসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবির। তার সঙ্গে ছিলেন নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য সৈয়দ মামনুর কাদের ও নাজিম ফারহান চৌধুরী। নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ এ সভায় উপস্থিত ছিলেন। বেসিসের মোট সদস্যসংখ্যা ২ হাজার ৪০১। তবে এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য শ্রেণিতে ভোটার ৯ জন।
লেখক: মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক, ব্যবস্থাপনা পরিচালক, ফ্লোরা টেলিকম লিমিটেড।