মুহাম্মদ আজিজ খান

শের-ই-বাংলা শান্তি

পুরস্কারে ভূষিত

 

ব্যবসা ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান ও উল্লেখযোগ্য অধ্যবসায়ের জন্য সম্মানজনক শের-ই-বাংলা এ কে ফজলুল হক শান্তি পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন মুহাম্মদ আজিজ খান। গত শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মহিউদ্দীন খান আলমগীর এমপির কাছ থেকে মুহাম্মদ আজিজ খানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার মেয়ে ও সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান এসিসিএ।  

অ্যাওয়ার্ড প্রাপ্তির পর সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম মৃত্যুবার্ষিকীতে  পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছেন তিনি। শের-ই-বাংলার দৌহিত্র ও শের-ই-বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাইয়াজুল হক রাজু বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশের জ্বালানি খাতে সামিট গ্রুপ, বিশেষ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বনামধন্য বাংলাদেশি ব্যবসায়ী ও জনহিতৈষী ব্যক্তি মুহাম্মদ আজিজ খানের অসামান্য অবদান প্রশংসনীয় এবং সর্বজনস্বীকৃত। সমৃদ্ধিশীল বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও ক্ষমতায়নে সামিট গ্রুপের চেয়ারম্যানের নিরন্তর অবদানের প্রতি স্বীকৃতি জানাতেই তাকে শের-ই-বাংলা পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আর এ এম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মারগুব মোরশেদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, শের-ই-বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা ইকবাল মাহমুদ প্রমুখ। শের-ই-বাংলা এ কে ফজলুল হক শান্তি পুরস্কার সম্পর্কে শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ কাউন্সিল দেশের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসছে। এ বছর মুহাম্মদ আজিজ খান-সহ মোট ১৬ জন স্বনামধন্য ব্যক্তি এই পুরস্কারে ভূষিত হলেন।                —প্রেস বিজ্ঞপ্তি