
সুরভীর সখ্য পাহাড়ের সঙ্গে
g নেছার উদ্দিন
নাম তার সুরভী ইয়াসমিন। এক ভীষণ ভ্রমণপ্রিয় মানুষ। দেশের নানা অঞ্চলে গত আট বছর থেকেই নিয়মিত ভ্রমণ করে আসছেন। সুরভীর বেড়ে উঠা ঢাকাতে। তবে, ইটপাথরের এই শহর থেকে সুরভীর বেশি সখ্য পাহাড়ের সঙ্গে। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন অচেনা কোনো পাহড়ের উদ্দেশ্যে। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৬ সাল থেকেই মূলত অচেনা-অজানা জায়গা ভ্রমণপ্রিয় মানুষের সঙ্গে চষে বেড়াচ্ছেন সুরভী। ঘুরেছেন দেশের প্রায় প্রতিটি অঞ্চলে। পাহাড় থেকে সমুদ্র কিছুই বাদ যায়নি তার ঘোরাঘুরির সিলেবাস থেকে। সমুদ্রসৈকতের পাড়ে যেমন থেকেছেন ফাইভ স্টার হোটেলে, তেমনি আবার দুর্গম কোনো পাহাড়ে খোলা আকাশের নিচে করেছেন রাত্রি যাপন। ট্রেকিং করেছেন দেশ ও দেশের বাইরের দুর্গম অনেক পাহাড়। সুরভী বলেন, ২০১৬ সালে পরিবার ছেড়ে বন্ধুদের সঙ্গে তার প্রথম পাহাড়ে ঘুরতে যাওয়া। সেই থেকেই তার পাহাড়ের প্রতি ভালোবাসার জন্ম। তার পছন্দ এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার। তাই তো সুযোগ পেলেই অ্যাডভেঞ্চারপ্রিয় এই মানুষটি বেরিয়ে পড়েন অ্যাডভেঞ্চারের নেশায়।
এতটুকু পরে অনেকেই ভাবতে পারেন, সুরভী হয়তো বাবার টাকায় ঘুরছেন দেশ-দেশান্তরে। কিন্তু তার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফুল টাইম চাকরি করেন। অফিস করেন সপ্তাহে পাঁচ দিন। বাকি দুই দিনের জন্য বেরিয়ে পড়েন অচেনা জায়গার উদ্দেশ্যে। শুধু ঘুরে বেড়ানো আর আনন্দ উপভোগই তার ভ্রমণের একমাত্র চাহিদা নয়। যেসব দুর্গম এলাকায় তিনি ঘুরতে যান, সেখানকার স্থানীয় লোকজনের সঙ্গে মিশতে পারা তাদের কালচারের সঙ্গে পরিচিত হওয়ায় বেশি আনন্দ পান তিনি। মোট কথা, ভ্রমণে তিনি শুধু আনন্দ উপভোগের জন্য করেন না ভ্রমণ করেন এই বিচিত্র পৃথিবীর সঙ্গে পরিচিত হতে। ঘোরাফেরার পাশাপাশি তিনি ট্রাভেল ফিল্ম করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এখন ভ্রমণপ্রিয় মানুষের কাছে বেশ পরিচিত মুখে পরিণত হয়েছেন। তার নিজের নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা লক্ষাধিক। নিয়মিত নতুন নতুন জায়গায় ঘুরছেন আর ফিল্ম করে মানুষদের কাছে সেসব প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরছেন। বংলাদেশের এমন বৈচিত্র্যময় সৌন্দর্য বিশ্বব্যাপী তুলে ধরাই তার ইচ্ছা।